১৩ নভেম্বর ২০১৪ - ১৪:২৮
রুশদিকে সমর্থন করায় ‘মালালা-বিরোধী দিবস’

পাকিস্তানে বেসরকারি স্কুলের একটি জোট গতকাল ‘আই অ্যাম নট মালালা’ বা ‘আমি মালালা নই’ দিবস পালন করেছে।

আবনা : পাকিস্তানে বেসরকারি স্কুলের একটি জোট গতকাল ‘আই অ্যাম নট মালালা’ বা ‘আমি মালালা নই’ দিবস পালন করেছে। ‘অল পাকিস্তান প্রাইভেট স্কুলস ফেডারেশন’এ দিবসের আয়োজন করে। মালালা-বিরোধী এ দিবসটি উদযাপনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নোবেল জয়ী ও নারীশিক্ষা আন্দোলনের অগ্রপথিক মালালা ইউসুফজাইয়ের (১৭) নিন্দা জানান। বহুল বিতর্কিত বৃটিশ ঔপন্যাসিক সালমান রুশদির প্রতি মালালার সমর্থনের অভিযোগ আনেন তারা। এ খবর দিয়েছে অনলাইন মিড-ডে। গত বছর এ জোটটি মালালার আত্মজীবনী ‘আই অ্যাম মালালা’ নিষিদ্ধ করেছিল। জোটের প্রেসিডেন্ট মির্জা কাশিফ আলি অভিযোগ এনে বলেন, সালমান রুশদি ও তসলিমার সঙ্গে যোগসূত্র রয়েছে মালালার। বৃটিশ সাংবাদিক ক্রিস্টিনা ল্যামের সঙ্গে মালালার লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটি রুশদির প্রতি বেশ সহানুভূতিপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। কাশিফ বলেন, রুশদির বই সুস্পষ্টভাবেই ‘ইসলাম বিরোধী’ এবং তাকে সমর্থন করার মাধ্যমে মালালা তার দলে যোগ দিয়েছেন। ‘আই অ্যাম মালালা’র একটি অধ্যায়ে পিতার দর্শনের উদ্ধৃতি দিয়ে মালালা রুশদির বইকে ‘মতপ্রকাশের স্বাধীনতা’ বলে উল্লেখ করেছেন। ওই অধ্যায়টি মালালা-বিরোধী মনোভাবের জন্ম দিয়েছে। পাকিস্তানের রক্ষণশীল কিছু মানুষের অভিযোগ, পশ্চিমারা মালালাকে ব্যবহার করছে।